বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০০ কেজি নতুন ধরনের মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার বিকালে এয়ারপোর্টের কার্গো গুদাম এলাকা থেকে এনপিএস’র এই বিশাল চালান জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার এই অভিযানের নেতৃত্ব দেন ।
একটি সূত্রে জানা গেছে এনপিএসের চালানটি কয়েক দিন আগে আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে আসে। ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মোহাম্মাদ ইউসুফ চালানটি এ দেশে পাঠান। বাংলাদেশে নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হয়।