মানুষের সুখী হতে কি খুব বেশি কিছুর প্রয়োজন হয়?
আমরা যদি আমাদের আশেপাশে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো খুব ছোট ছোট জিনিসে আমাদের সুখ লুকিয়ে আছে। আমরা চাইলে সুখ গুলো ধরতে পারি আবার এই সুখ গুলোকে এড়িয়ে সামনের দিকে চলে যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট জীবনে আমি একটা ছোট্ট মানুষের জন্য নিজেকে অনেক বেশি সুখে মনে করি। তাকে পাওয়ার পর আমার পরিবার কতটা আনন্দে ছিল উচ্ছ্বাসে ছিল সেটা শব্দে প্রকাশ করা কঠিন। আমার এখনো মনে আছে তার জন্মের প্রথম দিনের কথা, যখন আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলাম হসপিটালের ভিতরে।
আমাদের পরিবারের নতুন অতিথির আগমনে সবার মন আনন্দ ভরে উঠেছিল সেই দিন। ফুটফুটে ছোট একটি ফুল যখন আমার হাতে তুলে দিল আমি শুধু তার দিকে তাকিয়ে ছিলাম। আপনি বিশ্বাস করবেন না আল্লাহর সবথেকে সুন্দর সৃষ্টি তখন আমার হাতে ছিল। একটা ছোট বাচ্চাকে প্রথম কোলে নেওয়ার মুহূর্তটা বেশ অন্যরকম, এই অনুভূতি আজীবনের। এত ছোট ছোট হাত পা, এত নরম, মনে হচ্ছিল একটু জোরে নিঃশ্বাস নিলেও তার কষ্ট হবে। তার ছোট ছোট দুটো চোখ এখনো পৃথিবীর আলো চেনে না। পৃথিবীর মায়া কেমন হয় সেটার সাথে এখনও সে পরিচিত হয়নি। তোর চোখ দেখে মনে হচ্ছিল সে পৃথিবীতে আসতে ব্যাকুল ছিল। তার চোখের ভাষা অনেক কিছু বলছিল তার চোখ দেখে মনে হচ্ছিল, সে জানে পৃথিবীতে কেউ রয়েছে যে তাকে অনেক যত্নে রাখবে।
তার জীবনটা কান্না দিয়ে শুরু হলেও, কিছুদিন পরেই তার এই কান্নার ভিতরে ছোট্ট হাসি ঢুকতে শুরু করে। একদিন হঠাৎ করেই আমাদের দিকে তাকিয়ে অকারণে হাসে, সেই হাসির কারণে যেন আমার পরিবারের সবার ক্লান্তি দূর হয়ে যায়। একটা ছোট্ট মানুষের হাসির মধ্যেই পৃথিবীর সব সুখ লুকিয়ে থাকে। এই ছোট মানুষটা কিভাবে যে আমাদের পরিবারকে আনন্দে ভরিয়ে রেখেছিল এতটা বছর, সেটা লিখে প্রকাশ করা সম্ভব নয় । কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের জন্য নতুন অনুভূতি তৈরি হয়েছে। আমি মনে করি পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস হলো, একটা ছোট বাচ্চাকে ছোট থেকে বড় হতে দেখা।
তার প্রথম আঙ্গুল ধরে দাঁড়ানো, তার প্রথম হোঁচট খাওয়া সবকিছুই জীবনে গল্প তৈরি করছিল। আমি দেখছিলাম পরে উঠে যাওয়ার মধ্যেই সে তার জীবন দেখছিল। আমি তখন বুঝতে পারছিলাম বড় হওয়া মানেই লম্বা হওয়া না। সে বারবার পড়ে উঠে দাঁড়ানোর যে অভিজ্ঞতা নিজের মধ্যেও অর্জন করছিল, সেটাই হয়তো জীবনের সবথেকে বড় অভিজ্ঞতা।
আমি ওর এই ছোট্ট বয়সের সবকিছুর সাথে পরিচিত। কি খেতে পছন্দ করে, কি খেতে অপছন্দ করে। আমার সারাটা দিন ওর সাথেই কাটে। যে ছোট ছোট হাতগুলো একসময় শুধু মুঠ করে রাখত, সেই হাত এখন আমার আঙ্গুল ধরতে শিখেছে। সে যখনই আমার সাথে বের হয় পৃথিবীর সবটুকু বিশ্বাস নিয়ে আমার আঙুল ধরে রাখে। সে এমন ভাবে আমার হাত ধরে যেন মনে হয় এই হাতের মধ্যেই সে তার সব ভয় মুছে ফেলেছে।
এখন সে আর সেই ছোট্ট মানুষটি নেই। এখন সে পুরো শব্দ বলতে পারে। শুধু শব্দ বললে ভুল হবে সে তার মনের ভাব প্রকাশ করতে শিখে গেছে। তার আধো আধো ধ্বনিতে আমাদের পুরো পরিবারকে মাতিয়ে রাখে। সে এখন আমার দুনিয়া হয়ে উঠেছে। তার কষ্টতেই আমার কষ্ট হয় তার সুখেই আমি হাসি। আমি তার সব কিছু আনন্দের সাথে উপভোগ করি। সে প্রতিদিন হাজারো প্রশ্ন করে, এমন রয়েছে সে একই প্রশ্ন বারবার করতেও পছন্দ করে কিন্তু আমি কখনো বিরক্ত হই না। তার সবথেকে সুন্দর হলো এখন তার কথা। তার কথা শুনে মনে হয়, সে তার কথার মাধ্যমেই পুরো পৃথিবী জয় করতে পারবে।